ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও যোগাযোগ অবকাঠামোসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে আর্থিক সহায়তা আরো বাড়ানোর আশ্বাস দিয়েছে চীন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং শিয়ানি মঙ্গলবার সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে আইলা ক্ষতিগ্রস্তদের সহায়তা বাবদ ১০ লাখ টাকার চেক হস্তান্তরের সময় এ আশ্বাস দেন।
চীনা কূটনীতিককে ধন্যবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতা দিয়ে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চীন অতীতেও সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খাদ্য উৎপাদন বাড়ানো প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার সময় দেশে প্রায় এক কোটি মেট্রিক টন ধান উৎপাদন হতো। বর্তমানে বছরে প্রায় তিন কোটি মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনের পরিমাণ আরো বাড়ানো সম্ভব। চীন এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে পারে।
চীনা রাষ্ট্রদূত জানান, তার সরকার বাংলাদেশে কৃষি প্রযুক্তি হস্তান্তরে কাজ করছে। আরো বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হচ্ছে। আইলা ক্ষতিগ্রস্তদের জন্য এ সহযোগিতা ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ ডলার দেওয়া হয়েছে।
তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন।
চাং শিয়ানি বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহ্যগত বন্ধুত্বের কথা উল্লেখ করে ভবিষ্যতে দু'দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল ওয়াজেদ, দুর্যোগ ব্যবস্থাপনা বুরে্যার মহাপরিচালক ফরহাদ উদ্দিন, ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ওয়াং ইউ ও রাজনৈতিক অ্যাটাশে জি মিংডং এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৭ ঘ.
bdnews24