২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের সন্দেহভাজন চার জেএমবি জঙ্গি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে বান্দরবান সদরের দুটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

বান্দরবান, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে বান্দরবান সদরের দুটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা আগের দিন আরেকটি মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। তারা আবারও একত্রিত হয়ে নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচিছলেন বলে পুলিশ জানিয়েছে। এই চারজন হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি এলাকার মো. আফসার (৩৭), খুলনার শহিদুল ইসলাম (২৪), সাতক্ষীরার নুরুল আফসার (২৮) ও ঢাকার আশুলিয়ার আবুল বাসার (২১)। বান্দরবান সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের আবাসিক হোটেল পর্বত ও আল-আমীনে অভিযান চালিয়ে জেএমবি জঙ্গি সন্দেহে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে আফসার ও শহিদুলকে গ্রেপ্তার করা হয় হোটেল পর্বত থেকে। অপর দুজনকে হোটেল আল-আমীন থেকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান, সারাদেশে জঙ্গি বা জেএমবি সদ্যসদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বান্দরবানে বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের জারুলিয়া ছড়ি থেকে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছিল। ওই সময় জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছিলেন। এদের মধ্যে নাইক্ষ্যংছড়ির দোছড়ি এলাকার মো. আফসার আরএসও'র স্থানীয় নেতা। অন্য তিনজন আফসারের সঙ্গে অস্ত্র কেনা ও নাশকতামূলক কাজে জড়িত বলে পুলিশকে জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.