২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী: টুকু

বঙ্গবন্ধু হত্যার বিচার চলাকালীন যে কোন ধরনের নাশকতা রোধে আইন শৃঙ্খলাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যার বিচার চলাকালীন যে কোন ধরনের নাশকতা রোধে আইন শৃঙ্খলাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন মৃত্যুর হুমকি পাওয়ার একদিন পরই তিনি এ কথা জানালেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এখন জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার চলছে। এ সময় অপশক্তি বিচার কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সতর্কতা অবলম্বনে নির্দেশনা দেওয়া হয়েছে।" মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম এবং ভারতের হাইকমিশনারকে হুমকির বিষয়ে আইন শৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও টুকু জানান। সোমবার চিঠি দিয়ে মাহবুবে আলম ও পিনাক রঞ্জনকে হত্যার হুমকি দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও ছিলেন। দেশের সব কারাগারে রেড এলার্ট জারির কারণ জানতে চাইলে তিনি বলেন, "এটি রুটিন ওয়ার্ক। মাঝে-মধ্যে করতে হয়।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হুমায়ুন কবির প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৬২০ ঘ.