২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের জামিন ১ নভেম্বর পর্যন্ত স্থগিত

চারটি চাঁদাবাজির মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের জামিন ১ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি চাঁদাবাজির মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের জামিন ১ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। গত ৮ অক্টোবর চারটি চাঁদাবাজির মামলায় মামুনকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ মামুনের আলাদা চারটি আবেদনে এ আদেশ দেয়। পরদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ১৮ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের ওই রায় স্থগিত করে দেন। আপিল বিভাগে মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক -উল হক। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। ২০০৭ সালের ৩০ জানুয়ারি মামুনকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/জিএনএ/১৪৫৫ ঘ.