২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা, নওগাঁ ও মৌলভীবাজারে তিনজন নিহত

খুলনায় সোমবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইদিন ভোরে নওগাঁয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মৌলভীবাজারে রোববার গভীর রাতে চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বৃদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, আক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় সোমবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইদিন ভোরে নওগাঁয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মৌলভীবাজারে রোববার গভীর রাতে চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বৃদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- খুলনা: নগরীর মৌলভীপাড়ার সুলতান আহমেদ সড়কে রাতে মো. নাহিদকে (২৮) কুপিয়ে হত্যা করে। নাহিদ সুলতান আহমেদ সড়কের আব্দুল খালেকের ছেলে। খুলনা সদর থানার ওসি মনির-উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে চার দুর্বৃত্ত নাহিদকে তার বাসার সামনে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল আজিজ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাহিদের মৃত্যু হয়েছে। নওগাঁ: জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ভোর সাড়ে ৫টার দিকে পোরশা উপজেলার ইসলামপুর মাদ্রাসা এলাকায় মুঞ্জুর আলীকে (৬৫) ুহত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মুঞ্জুর উপজেলার জুগীডাঙ্গা গ্রামের নজর আলীর ছেলে। পোরশা থানার এসআই জিয়া আনসারী জিয়া জানান, মঞ্জুর আলীর সঙ্গে গ্রামের জালাল উদ্দিনের ছেলে জরদিশ এবং কায়সার উদ্দিনের ছেলে রনি ও রোকনের জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা ও বিরোধ চলে আসছিল। একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নওগাঁ শহরে আসার পথে ইসলামপুর মাদ্রাসার পাশে তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকালে তার মৃত্যু হয়। মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর গ্রামে রোববার রাত আড়াইটায় চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মফিজ আলী (৬৫)। নিহতের পরিবারের বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গাজী মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘরে চোর ঢুকলে মফিজ মিয়া শব্দ পেয়ে বাইরে এসে দুই চোরকে ধরে ফেলেন। এ সময় মফিজ মিয়া ও তার দুই ছেলের সঙ্গে ৫/৬ জন চোরের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা গড়িয়ে একটি পুকুরে পড়ে যায়। সেখানে মফিজকে ছুরিকাঘাত করে চোরেরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.