খুলনা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় খুলনা জেলা কারাগারে সোমবার রেড অ্যালার্ট জারি করে ভিতর বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
এ ছাড়া দুপুরে কারারক্ষীরা জঙ্গি হামলা প্রতিরোধ এবং বন্দিদের বিশৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ে মহড়া দেন।
গত শনিবার কারা মহা-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম খান এ নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা কারা তত্ত্বাবধায়ক মো. শাহ আলম খান।
তিনি বলেন, "কারাগারে জঙ্গিদের হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।"
কারাগারের ভিতর ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় শ' কারারক্ষীর অংশগ্রহণে জঙ্গি হামলা প্রতিরোধ এবং বন্দিদের বিশৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
কারা তত্ত্বাবধায়ক আরও জানান, খুলনা কারাগারে মোট এক হাজার ৯০০ বন্দি আছেন। এদের মধ্যে পাঁচজন হিযবুত তাহরীর, ছয়জন জেএমবি সদস্য, ১২ জন ফাঁসির এবং শতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে।
তিনি বলেন, কারাগারের নিরাপত্তা রক্ষায় কারারক্ষীর পাশাপাশি অতিরিক্ত ১০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। কারাগারের আশপাশের রাস্তায় পথচারী ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।
এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক এনএম জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষণার পর নাশকতার আশঙ্কায় কারাগারে রেড এলার্ট জারি করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24