২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তার আশ্বাস ডব্লিউএফপি'র

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি এ কর্মসূচির আওতায় খাদ্য বিতরণে যথাযথ পুষ্টিমান অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি এ কর্মসূচির আওতায় খাদ্য বিতরণে যথাযথ পুষ্টিমান অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। সোমবার ডব্লিউএফপি'র ডেপুটি ডাইরেক্টর স্টেফান ডি মিস্টুরা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে দেখা করে সহয়তার এ আশ্বাস দেন। বৈঠকের পর মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বৈঠকে আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার চলতি বছর ২৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করবে। এর মধ্যে ভিজিএফ, ভিজিডি, টিআর, কাবিখা অন্যতম। সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়ন করছে জানিয়ে তিনি বলেন, "সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের জন্য অন্যান্য উন্নয়ন খাত থেকে অর্থ কেটে এনে এ কর্মসূচি চালাতে হচ্ছে। এতে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা এগিয়ে এলে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবামূলক কার্যক্রম আরো ত্বরান্বিত করা সম্ভব হবে।" এ সময় ডব্লিউএফপি'র কর্মকর্তা স্টেফান বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রশংসা করেন। তিনি জনগণের জন্য সহজে খাদ্য প্রাপ্তির উপর গুরুত্ব আরোপ করেন এবং আগামীতে বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম জোরদারেরও আশ্বাস দেন। খাদ্য সচিব মোখলেছুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জন আইলেফ ও ডব্লিউএফপি'র এক্সিকিউটিভ ডাইরেক্টর অফিসের চিফ অব স্টাফ লরেন লানডিস বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/২০৩১ ঘ.