ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শ্রমিক-কর্মচারিদের বিভিন্ন দাবি আদায়ে ডাকা মঙ্গলবারের কর্মবিরতি প্রত্যাহার করেছে চট্টগ্রামের ডক বন্দর শ্রমিক কর্মচারি ফেডারেশন।
সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান এ ঘোষণা দেন।
এ সময় নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, শ্রম সচিব আতাহারুল ইসলাম ও ফেডারেশনের অন্যতম নেতা গোলাম মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন (বিস্তারিত)।
সভা শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের জানান, ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে।
তিনি বলেন, "ইতোমধ্যে সরকার শ্রম আইন সংশোধনে পদক্ষেপ নিয়েছে। আইন সংশোধন হলে আগামী ডিসেম্বরের পর থেকে বন্দর সুষ্ঠুভাবে চলবে। এতে আর নতুন করে কোন আলোচনা করার প্রয়োজন হবে না।"
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় ডক শ্রমিক বোর্ড বাতিল করা হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি মন্তব্য করেন, "যা করার আছে, তাই করা হবে।"
শাজাহান খান আরো জানান, বিগত সরকারের সময় গৃহীত এক ইউনিয়ন পদ্ধতি চালুর সিদ্ধান্ত বহাল রাখা হবে। কারণ হিসেবে তিনি বলেন, অনেক ইউনিয়নের চেয়ে এক ইউনিয়ন ব্যবস্থা শ্রমিকদের দাবি আদায়ে অনেক বেশি কার্যকর।
সভায় বিগত চারদলীয় জোট সরকারের সময় চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং ভবিষ্যতে চাকরি দেওয়ার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পোষ্যদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারেও সরকার ব্যবস্থা নেবে।
শ্রমিক ফেডারেশন নেতা মাহফুজুর রহমান খান সাংবাদিকদের জানান, সরকার ১৫ দিনের মধ্যে তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মানার ব্যাপারে আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নিতে দেরি করলে শ্রমিক ও কর্মচারিরা আবারো আন্দোলনে নামবে।
ব্যবসায়ীদের উদ্বেগ
এদিকে দাবি আদায়ের নামে বারবার বন্দর অচলের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে বিজিএমইএ'র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বন্দর ব্যবহারকারীদের এক অনানুষ্ঠানিক বৈঠকে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। পুরনো কায়দায় কথায় কথায় বন্দর অচলের হুমকি জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫৮ঘ.
bdnews24