২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে এক স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে সড়ক অবরোধ করেছে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

সিলেট, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে এক স্কুলছাত্রের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে সড়ক অবরোধ করেছে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট-কোম্পানীগঞ্জ ও সিলেট-গোয়াইনঘাট সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেয় গোয়াইনঘাট ও কোম্পানীঞ্জের বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী। এ সময় সিলেটের সঙ্গে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গোয়াইনঘাট থানার ওসি মইন উদ্দিন চৌধুরী দুর্বৃত্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোম্পানীগঞ্জের পূর্ণাছ গ্রামের এক স্কুল ছাত্রী গত ২৮ জুন সহপাঠিদের সঙ্গে গোয়াইনঘাটের পিয়াইনগুল উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথে একই গ্রামের মকরম আলীর ছেলে শাহীন আলম শামীম ও তার সহযোগীরা ওই স্কুল ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ ঘটনার পর গ্রাম্য সালিশে সাক্ষ্য দেওয়ার জের ধরে শুক্রবার একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমদের ওপর হামলা চালায় শামীম। এতে ফয়সাল আহত হয়। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার ফয়সলের বাবা লিয়াকত আলী কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। এসআই মজিবুর রহমান জানান, মামলার আসামি শাহীন আলম শামীমকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ও গ্রেপ্তার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৫ ঘ.