ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু তাহিরের চাকরিচ্যুতির আদেশকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
ডা. আবু তাহিরের দায়ের করা একটি রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৪ নভেম্বর আবু তাহিরকে চাকুরিচ্যুত করা হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ওই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর আদালত তাহিরের চাকুরিচ্যুতির আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে রুলনিশি জারি করে।
সোমবার ওই রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট তাহিরের চাকরিচ্যুতির আদেশকে অবৈধ ঘোষণা করে।
ডা. তাহিরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিফ উল হক।
রায়ের পর ব্যারিস্টার রফিফ উল হক বলেন, "অধ্যাপক তাহিরের প্রতি অন্যায় করা হয়েছিল। হাইকোর্ট অধ্যাপক তাহিরের চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেছে। এর ফলে ডা. তাহিরের নৈতিক জয় হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/১৮৪২
bdnews24