২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জ টেক্সটাইল কলেজে বিক্ষোভ, অধ্যক্ষ ছয় ঘণ্টা অবরুদ্ধ

পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

নোয়াখালী, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। তারা কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক এবং বস্ত্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে অধ্যক্ষ্যের কক্ষে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় কক্ষে অধ্যক্ষ ছাড়াও কয়েকজন শিক্ষক এবং বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসানুজ্জামান ছিলেন। এরপর শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-মাইজদী সড়ক অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে তারা অবরোধ তুলে নিলেও ক্যাম্পাসের ভেতর ভাঙচুর করে। পরে মিছিল ও সমাবেশ করে। বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যক্ষ এ ব্যাপারে থানাকে অবহিত না করলে তারা ভেতরে প্রবেশ করতে পারেন না।" দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঞ্জুরুল মান্নান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ কলেজে যান। তারা শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে কলেজ অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ শামীমের কক্ষে যান। সেখানে তাদের মধ্যে আলোচনা হয়। সমঝোতার পর শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেয়। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জাকিরুল ইসলাম অপু বলেন, দেশের তিনটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অন্য দুটিতে বিএসসি অনার্স চতুর্থ বর্ষে ভর্তি শুরু হলেও তাদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু না হয়নি। এছাড়া কলেজের জন্য প্রস্তাবিত বাজেটের অর্থ ছাড় না দেওয়া এবং শিক্ষকের অভাবে তাদের পাঠদান ব্যাহত হওয়ার বিষয়গুলো কলেজ কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও সমাধান হয়নি বলে তিনি জানান। এ ব্যাপারে অধ্যক্ষ আবু নাসের বলেন, "ছাত্রদের দাবি দাওয়া পূরণে কলেজ প্রশাসনের কোনো ভূমিকা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২১ ঘ.