ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নদীপথগুলোর নাব্যতা বৃদ্ধি এবং নদীর গভীরতা রক্ষায় ১৭০ কোটি টাকা ব্যয়ে তিনটি নদী খনন যন্ত্র (ড্রেজার) কেনা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এসব ড্রেজার কিনছে।
এ লক্ষ্যে নেদারল্যান্ডস ও জার্মানির সঙ্গে যৌথ-ব্যবস্থাপনায় ড্রেজার প্রস্তুতকারক প্রতিষ্টান 'ভোস্টা এলএমজি-কর্ণফুলী জয়েন্ট ভেনচার কনসোর্টিয়াম'-এর সঙ্গে বিআইডব্লিউটিএ-র একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে সই করেন বাংলাদেশে কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএ রশিদ এবং বিআইডব্লিউটিএ'র ড্রেজার ক্রয় প্রকল্পের প্রকল্প পরিচালক নূর জামাত বিশ্বাস।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস ও জার্মানির রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
সভায় বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া জানান, ১৯৭২ সালে দ'ুটি এবং '৭৫ সালে সর্বশেষ পাঁচটি ড্রেজার কেনা হয়েছিল। এরপর কোনো সরকারের আমলেই দেশে ড্রেজার কেনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই তিনটি ড্রেজার কেনার জন্য দুটি পৃথক প্রকল্প হাতে নেয়। প্রতিটি ড্রেজার কিনতে ব্যয় হবে ৩৪ দশমিক ৩২ কোটি টাকা। এছাড়াও প্রায় এক হাজার ৪৫০ কোটি টাকা ব্যয়ে সরকার আরো ১৭টি ড্রেজার কেনার কর্মসূচি নিয়েছে। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে অর্থ সংগ্রহের কাজও চলছে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে ড্রেজার কেনার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১০ ঘ.
bdnews24