ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর নীলক্ষেতের ইসলামীয়া মার্কেট ও বাবুপুরা মার্কেট দখলকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে মার্কেটের মালিকানা দাবিকারী এক ব্যক্তি ও তার সহযোগীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মার্কেটের বাইরে অবস্থান নিয়েছে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম কামরুল ইসলাম বলেন, "জমির প্রকৃত মালিক কে তা আদালত নির্ধারণ করবে। আমরা বিষয়টি জানিনা। মার্কেটে যাতে কোনো সংঘর্ষ না ঘটে সে বিষয়টি দেখার চেষ্টা করছি আমরা।"
ইসলামীয়া মার্কেটের বিদ্যানিকেতন লাইব্রেরীর মালিক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পাঁচটার দিকে তেজগাঁও এলাকার জনৈক খায়রুল হাসান খোকন ৪-৫ শ' লোক নিয়ে মার্কেট দখল করতে আসে। খবর পেয়ে সকাল সাতটার দিকে ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
তিনি বলেন, "এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ব্যবসায়ীদের সংখ্যা বাড়তে থাকলে খায়রুল তার দলবল নিয়ে পালিয়ে যায়।"
ইসলামীয়া বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মকবুল হোসেন জানান, খায়রুল নিজেকে এ দুই মার্কেটের মালিক বলে দাবি করেছে।
তিনি বলেন, "এ দুই মার্কেটে মোট ৬২ শতাংশ জমি রয়েছে। ১৯৯৮ সালে ৯ লাখ ১২৫ টাকা মূল্যে এ জমি ব্যবসায়ীদেরকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া এখনও চলছে।
"১৯৮২ সাল থেকে সরকারি নিবন্ধন নিয়ে ব্যবসা করছি। এ অবস্থায় প্রক্রিয়াধীন একটি বিষয়ে খায়রুল আমাদেরকে উচ্ছেদ করতে চাচ্ছে।"
বাবুপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানান, সকালে খায়রুল ও তার সহযোগীরা পিস্তল, চাপাতি নিয়ে হামলা চালায়। এতে নুরুন্নবী পাখি নামে এক দারোয়ান আহত হয়েছেন।
এছাড়া হামলাকারীরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে লুটপাট করে কাগজপত্র আগুনে পুড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ইসলামীয়া বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি এনায়েত করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার আমাদেরকে নিরাপত্তার আশ্বাস না দেওয়া পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/জিএনএ/১৩১৫ঘ.
bdnews24