২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পৃথক ঘটনায় নিহত ১, আহত ১

বগুড়া শহরের পৃথক দু'টি স্থানে রোববার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

বগুড়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের পৃথক দু'টি স্থানে রোববার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে নিহত রাব্বী (২৪) শহরের নারুদি এলাকার আব্দুর রহিমের ছেলে এবং আহত সোহাগ (২৫) চক সূত্রাপুর এলাকার মজিবুর রহমানের ছেলে। সোহাগকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ৯টায় রাব্বী তাদের বড়ির পাশে একটি পুকুরের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৪/৫ জন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ কর্মকর্তা বলেন, রাতের একই সময়ে শহরের নামাজঘর এলাকায় একটি চা'র দোকানের সামনে দাঁড়িয়ে সোহাগ চা খাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে ৬/৭ জন যুবক এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশ কর্মকর্তা। ওসি জাহাঙ্গীর আলম রাত সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাব্বী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শহরের উত্তর চেলোপাড়া থেকে জুম্মা (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জুম্মা উত্তর চেলোপাড়ার শামসুল কাজীর ছেলে। তাকে নিয়ে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.