২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলা: পলাতকদের গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ

জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট মামলায় অভিযুক্ত পলাতক আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট মামলায় অভিযুক্ত পলাতক আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি পুলিশ। রোববার এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে দাখিল করার দিন ধার্য ছিল। বিচারক এ এন এম বশির উল্লাহ আগামী ১৯ নভেম্বর পলাতক গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন ও জামিনে থাকা আসামিদের হাজিরার নতুন তারিখ দিয়েছেন। গত ৭ অক্টোবর মামলা বাতিলের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের আবেদনের ওপর হাইকোর্টে পুনরায় শুনানি শুরু হয়। এ মামলায় ছয় আসামির মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, শরফুদ্দিন আহমেদ ও কাজী সলিমুল হক কামাল ওরফে কাজী কামাল জামিনে রয়েছেন। গত বছর ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ' ৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া এবং তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুন অর রশিদ। হারুন অর রশিদ ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমান, মোমিনুর রহমান, কাজী সলিমুল হক, সরফুদ্দিন আহমেদ ও ড. কামাল উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রে সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/এএল/এসকে/২২৫৮ঘ.