কুষ্টিয়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে রোববার সকালে চুরির অভিযোগে আটক এক ব্যক্তি গণপটুনিতে মারা গেছেন।
নিহত জুয়েল (৩০) মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের নবির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোররাতে জুয়েল শেহালা বাজারের সানাউল্লাহর মুদি দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে এলাকাবাসী তাকে বেধড়ক পেটায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ওসি জানান, পুলিশ জুয়েলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মামলা করা হবে।
জুয়েলের বাবা নবির উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় জুয়েল বাড়ি থেকে বের হয়েছিল। নেশায় (মাদক) তাকে ধ্বংস করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫১ ঘ.
bdnews24