চাঁদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে ১১ নারীকে হত্যার ঘটনা স্বীকার করে আলোচিত রসু খাঁকে জিজ্ঞাসাবাদ করতে আরও দুদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। এ নিয়ে তাকে পঞ্চম দফা হেফাজতে নেওয়া হল।
রোববার রসুকে চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোজাম্মেল হকের আদালতে হাজির করে পুলিশ মেহেদী হত্যা মামলায় চারদিন হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন আবেদন জানায়।
আদালত দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
১৮ অক্টোবর রসুকে কোহিনুর হত্যা মামলায় ছয়দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে তাকে আরও তিন দফায় আটদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ রোববার রসু খাঁ'র শিকার কোহিনুর পরিচয় সনাক্ত করেছে। কোহিনুরের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল এলাকায়। তিনি গাজীপুরের টঙ্গীতে স্বামী দেলোয়ারের সঙ্গে থাকতেন। দেলোয়ারের বাড়ি রাজবাড়ী জেলায়। তারা দুজনই দিশারী গার্মেন্টেস চাকরি করতেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টি এম মোজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে বলেন, "রসু যে ১১ নারীকে হত্যা করার কথা স্বীকার করেছে তার মধ্যে আমরা তিনজনের পরিচয় ও ঠিকানা সনাক্ত করেছি।"
এছাড়া রসু'র হাত থেকে বেঁচে যাওয়া রুমার ঠিকানাও সনাক্ত হয়েছে। বাকিদের ঠিকানাও সনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, গত বছরের ২২ অক্টোবর সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকায় মুনাফ পাটওয়ারীর বাড়ির পশ্চিম পাশে খালপাড় থেকে পুলিশ কোহিনুরের লাশ উদ্ধার করে।
তিনি জানান, এ ঘটনায় করা মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। কিন্তু রসু খাঁ আদালতে ১১ নারীকে হত্যার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছে সেখানে কোহিনুরের নাম এসেছে।
এর আগে পুলিশ রসু'র শিকার চাঁদপুরের ফরিদগঞ্জের পারভীন, সিরাগঞ্জের মেহেদী এবং বেঁচে যাওয়া একমাত্র নারী রুমা'র পরিচয় সনাক্ত করে। রুমার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।
পুলিশ কর্মকর্তারা জানান, রোববার দুপুরে কোহিনুরের খোঁজে চাঁদপুরের পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে আসেন তার মা নূরজাহান বেগম। তিনি কোহিনুরের ছবি ও পুলিশের তোলা লাশের ছবি দেখে তাকে সনাক্ত করেন। নূরজাহান বেগমের সঙ্গে ছিলেন কোহিনুরের দুই চাচাতো ভাই শাহ আলম ও ফারুক হোসেন।
রসু খাঁকে গত ৭ অক্টোবর টঙ্গীর মিরাশপুর থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে।
বুধবার রাতে পুলিশ রসু খাঁকে নিয়ে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানিক, তার স্ত্রী সুফিয়া বেগম ও বছির উল্লাহ বসু নামে তিন সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মানিক ও বসু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। সুফিয়াকে পাঠানো হয়েছে কারাগারে।
রসুর ফাঁসি দাবি
রোববার বিকেলে পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে মেয়েকে সনাক্ত করার পর নূরজাহান বেগম রসুর ফাঁসি দাবি করেন।
তিনি দাবি করেন, রসু কোহিনুরের স্বামী দেলোয়ারের অন্যতম সহযোগী। এ হত্যাকাণ্ডের সঙ্গে দেলোয়ারও জড়িত।
নূরজাহান চিৎকার করে বলেন, "আমি খুনি রসু ও দেলোয়ারের বিচার চাই। তারাই আমার মাইয়ারে মারছে। পথে পথে ঘুরাইছে আমারে। মাইয়ার লাশটাও দেহি নাই।
"ফুটফুইটা চান্দের মত মাইয়াডারে খুন করছে ওরা। ওরা যেন আমার কইলজা ছিড়া নিছে। কত কবিরাজের কাছে গেছি। কেউ আমার মাইয়ারে আইনা দিতে পারে নাই।"
নূরজাহান সাংবাদিকদের জানান, কোহিনুরের বাবা আকবর হোসেন পেশায় কৃষক। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে কোহিনূর দ্বিতীয়।
২০০৭ সালের ২৬ ফেব্র"য়ারি রাজবাড়ীর দেলোয়ারের সঙ্গে কোহিনুরের বিয়ে হয়। বিয়ের পরপর স্বামী তাকে টঙ্গী নিয়ে যায়। সেখানে কোহিনুর ফকির মার্কেট এলাকায় অবস্থিত দিশারী গার্মেন্টেস চাকরি করতো। আর তার স্বামী দেলোয়ারও একই গার্মেন্টেসে কাজ করতেন। তার বড় বোন রোকসানাও টঙ্গীতে থাকে।
নূরজাহান জানান, রসুকে নিয়ে টঙ্গীতে পুলিশের অভিযানের সময় রোকসানা ঘটনাটি জানতে পেরে তাদের জানান। পরে তারা আরও খোঁজ খবর নিয়ে কোহিনুরের খোঁজে চাঁদপুর আসেন।
তিনি দাবি করেন, কোহিনুরের সঙ্গে তার স্বামীর বনিবনা ছিল না। প্রায়ই দু'জনের মধ্যে ঝগড়া-বিবাদ হত। গত বছর রমজানের আগে কোহিনুরকে বাড়িতে নিয়ে আসার জন্য বলা হয়। কিন্তু দেলোয়ার কোহিনুরকে মতলবে বাবার বাড়ি আনতে নানা টালবাহানা শুরু করেন। তিনি বারবার বলেছেন কোহিনুর বেশ ভাল আছে। আরো ক'বছর পর তারা মতলবে আসবেন।
পরে এক সময় মেয়ের খোঁজে তিনি টঙ্গী ছুটে যান। কিন্তু কোহিনুর ও দেলোয়ারের কোন খোঁজ পাননি। মেয়ের খোঁজে তিনি নানা জায়গায় গেছেন। ফকির দরবেশের আস্তানায় মানত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24