২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজি প্রিজনের চাকরির মেয়াদ দু'বছর বাড়ল

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খানের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। বর্ধিত মেয়াদ আগামী ১৭ নভেম্বর থেকে কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খানের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। বর্ধিত মেয়াদ আগামী ১৭ নভেম্বর থেকে কার্যকর হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ মেয়াদ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, আইজি প্রিজন সেনা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান আগামী ১৭ নভেম্বর চাকরির বয়স শেষে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাবেন। ওইদিন থেকেই তার দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ কার্যকর হবে। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ ও পাঁচজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদের কর্মকর্তার পদে রদবদল করা হয়। এদের মধ্যে, চিত্রাভিনেতা ও প্রযোজক রানা হামিদ বিএফডিসি'র পরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পটুয়াখালীতে কর্মরত উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা লক্ষণ চন্দ্র দেবনাথকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে। নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল আলম শেখকে শরীয়তপুর, নেত্রকোনার বারহাট্টার ইউএনও অমল কৃষ্ণ মণ্ডলকে পটুয়াখালী, নওগাঁর সাপাহারের ইউএনও মোঃ রুহুল আমিনকে সিরাজগঞ্জ এবং কুমিল্লা নাঙ্গলকোটের কামরুল হাসান খানকে সুনামগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮৪৪ঘ.