ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক।
শনিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক ও বিভাগের সাবেক ছাত্র এফএম মাসুমকে নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন শেষে সমাবেশে সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, "র্যাব কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগ করা উচিত।"
গত ২২ অক্টোবর র্যাবের একটি দল মাসুমকে তার যাত্রাবাড়ীর ভাড়া বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করে। নির্যাতনে গুরুতর আহত মাসুম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
র্যাবের কর্মকাণ্ডের সমালোচনা করে ফেরদৌস বলেন, "আইনের শাসন ও র্যাব একত্রে চলতে পারে না।"
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদুল করিমের পরিচালনায় সমাবেশে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন, সহকারী অধ্যাপক এস এম শামীম রেজা, ফাহমিদুল হক এবং প্রভাষক সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশের পর একটি মৌনমিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
ওদিকে মাসুমকে নির্যাতনের ঘটনায় শনিবার নিন্দা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
এছাড়া ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকন ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।।
এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও র্যাবের এই নির্যাতন মানবাধিকার লঙ্ঘন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/২১৩১ ঘ.
bdnews24