ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে সন্ত্রাসীদের গুলিতে শুক্রবার রাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আবুল কালাম (৩০) পেশায় ব্যক্তিগত গাড়ি চালক বলে জানা গেছে।
মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম নিহত হন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রাত সোয়া ৮টার দিকে কালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কালামের শ্বশুর আব্দুল আজিজ তাকে হাসপাতালে নিয়ে যান।
আজিজ জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বরের বশিরউদ্দীন স্কুলের সামনে দিয়ে হেঁটে আসছিল কালাম। ওই সময় কয়েকজন সন্ত্রাসী গুলি ছুঁড়তে ছুঁড়তে যাচ্ছিল। তাদের ছোঁড়া গুলিতেই কালাম আহত হয়।
কালামের বুকের বাম পাশে গুলির ক্ষতচিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২০৫৮ ঘ.
bdnews24