চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী শিশু মেলা। চট্টগ্রামের সাংবাদিক পরিবারের শিশু-কিশোরদের অংশগ্রহণে এ মেলা যেন প্রাণের উৎসবে রূপ নেয়।
সকালে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকালে হয় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেয়র তার বক্তব্যে আজকের শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে বলেন, "শিশুদের মাঝে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাই তাদের এখন থেকেই সচেতন করে তুলতে হবে।"
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম-সম্পাদক মোহসিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনজুর কাদের মনজু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/২০৫০ ঘ.
bdnews24