২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডালিমের ভাই স্বপন রিমান্ডে

বঙ্গবন্ধু মামলার ফাঁসির আসামি শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপনকে সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এ জন্য আট দিন সময় দিয়েছে আদালত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার ফাঁসির আসামি শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপনকে ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এ জন্য আট দিন সময় দিয়েছে আদালত। বুধবার সাংসদ তাপসের ওপর বোমা হামলার পরদিনই স্বপনকে গ্রেপ্তার করা হয়। ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে শুক্রবার তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। শুনানির পর ঢাকার মহানগর হাকিম এজিএম আল মাসুদ আট দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন। স্বপনের সঙ্গে আবদুর রহিম নামে ফ্রিডম পার্টির এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়। তাকেও আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মতিঝিল থানার ওসি আরজু মিয়া রিমান্ড আবেদনের শুনানিতে বলেন, "এ মামলার বাদির বাবা-মাকে ১৫ আগস্ট হত্যা করা হয়েছে। তখন তিনি খুব ছোট ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের আপিল শুনানিকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য এবং দেশে শান্তিপূর্ণ অবস্থার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।" সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি চলছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অন্যতম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পাশাপাশি তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। মনি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। আরজু মিয়া বলেন, "বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যোগসাজশে অভিযুক্তরা ব্যারিস্টার তাপসকে হত্যার জন্য বোমা হামলা চালিয়েছে। অভিযুক্তদের অপর সহযোগীদের অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদে ১০ দিন হেফাজতে নেওয়া প্রয়োজন।" তিনি আরও বলেন, "১৫ আগস্টের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য কামরুল হক স্বপন ও আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। কারণ, হত্যা মামলার আপিলের রায় কীভাবে হয়, তা দেখে নেবে বলে বিভিন্ন সময়ে এ অভিযুক্তদের সহযোগী ও আত্মীয়-স্বজন হুমকি দিয়েছিল।" পুলিশের আবেদনের পক্ষে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা এমএ হক এবং বাদির পক্ষে কয়েকজন আইনজীবীও শুনানি করেন। রিমান্ড আবেদনের বিরোধিতা করে স্বপনের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেন, "তাপসের গাড়িতে বোমা হামলার ঘটনার আমরাও সুষ্ঠু বিচার দাবি করি। কিন্তু এই অভিযুক্তরা যে ওই কাজ করেছে, তা কীভাবে নিশ্চিত হওয়া গেল। এটি আনুমানিক অভিযোগ।" ডালিমের ভাই হওয়ায় স্বপনকে এ মামলায় জড়ানো হয়েছে দাবি করে মাসুদ বলেন, "ডালিমের ভাই হওয়ায়ই স্বপনের অপরাধ। মামলার এজাহারেও আসামি হিসেবেও কামরুল হক স্বপনের নাম নেই। ১৯৯৬ সালেও তাকে গ্রেপ্তার করা হয়। তার কিডনি অপারেশন হয়েছে। তিনি ৬০ বছরের বৃদ্ধ। তিনি বীরউত্তম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা।" তিনি অভিযোগ করে বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টা পর ষড়যন্ত্রের মাধ্যমে স্বপনকে গ্রেপ্তার করা হয়। মাসুদ তালুকদার আরও বলেন, "ব্যারিস্টার তাপস এবং কামরুল হক স্বপন প্রতিবেশী। এ ঘটনার আগে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল।" স্বপনের স্ত্রী সালমা হক রোজীও শুনানির সময় আদালতে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইপো তাপসের ওপর বুধবার রাতে মতিঝিলে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও এতে আহত হন ১৩ জন। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, তাপসকে লক্ষ করেই ওই হামলা হয়। বৃহস্পতিবার তাপস মতিঝিল থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা মামলার রায় ভিন্ন খাতে প্রবাহিত এবং দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পরস্পর যোগসাজসে হত্যার উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমআই/১৬৪৮ ঘ.