চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সাবেক নিরাপত্তা কর্মকর্তার এক 'বন্ধু'কে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর দামপাড়ার সিআইডি কার্যালয়ে ব্যবসায়ী সৈয়দ মাহমুদুল হককে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
সিআইডি'র সিনিয়র সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, "এ মামলায় গ্রেপ্তারকৃত জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও ব্যবসায়ী মাহমুদুল হক ঘনিষ্ঠ বন্ধু। এ সম্পর্কের সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়।"
তিনি জানান, নোটিশ পেয়ে মাহমুদুল হক সকাল ১০ টার দিকে সিআইডি কার্যালয়ে হাজির হন। দুপুর দুইটা পর্যন্ত টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মনিরুজ্জামান বলেন, আগামী মাসের শুরুর দিকে তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র চালান আটক করা হয়। গত ২০ মাস ধরে এই মামলায় সিআইডি প্রায় ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেপ্তার করা হয়েছে এনএসআই'র সাবেক দুই প্রধানসহ সাতজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জিএনএ/এসকে/২৩১৮ঘ.
bdnews24