মুন্সীগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাষাসৈনিক ও সাংবদিক সফিউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার পল্লবীর বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অচেতন অবস্থায় থাকার পর সন্ধ্যা পৌনে ৭টায় পল্লবীতে ছেলের বাসায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সফিউদ্দিনের বড় ছেলে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল আজাদ জানান, শুক্রবার বাদ জুম্মা ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
তিনি জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগের বাড়িতে সফিউদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অতেচন অবস্থায় গত ৫ অক্টোবর ঢাকার হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর আর তার জ্ঞান ফিরেনি। পরে বাসায় নিয়ে যাওয়া হয়।
ভাষাসৈনিক সফিউদ্দিন বিভিন্ন সময় সাত বার গ্রেপ্তার হয়ে প্রায় ১০ বছর কারাগারে ছিলেন। এর মধ্যে রাজশাহী কারাগারের কুখ্যাত খাপড়া ওয়ার্ডে বন্দি অবস্থায় নির্যাতনে তিনি শ্বাসকষ্টে (এজমা) আক্রান্ত হন।
৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন জগন্নাথ কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস)।
১৯২২ সালের ১ নভেম্বর লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামে জন্ম নেন সফিউদ্দিন আহম্মেদ। পরে সেখান থেকে চলে আসেন কুমারভোগ গ্রামে।
তিনি ১৯৩৫ সালে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ ছিলেন বিলুপ্ত দৈনিক বাংলার মুন্সীগঞ্জ প্রতিনিধি।
এর আগে দেশের বিভিন্ন দৈনিক, রেডিও ও বার্তা সংস্থায় কাজ করেছেন সফিউদ্দিন। তিনি দীর্ঘদিন স্থানীয় সাপ্তাহিক বিক্রমপুর বার্তা'র প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সফিউদ্দিন বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। এছাড়াও মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ দেশের অনেক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তিনি।
মফস্বল সাংবাদিকদের নেতা হিসাবে সফিউদ্দিন আহম্মেদ ছিলেন প্রিয় ব্যক্তিত্ব। সাংবাদিক ছাড়াও একজন সংগঠনক হিসাবে তার জুড়ি ছিল না।
ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য জনকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়।
উপসচিব সাইফুল আজাদ বলেন, "বাবার (সফিউদ্দিন) শেষ ইচ্ছা ছিল কুমারভোগের বাড়িতে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার। সরকার সহযোগিতা করলে তার এই ইচ্ছা পূরণ করা সম্ভব হবে।"
সফিউদ্দিনের মৃত্যতে জনকণ্ঠ'র সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, মোহাম্মদ সেলিম ও মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বর্তমান সভাপতি সালেহীন তুহিন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান শোক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24