২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে পৌর, জুলাইয়ে ইউপি নির্বাচন: সিইসি

আগামী মার্চে সারা দেশে একযোগে পৌরসভা ও জুলাইয়ের শেষে ছয় বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ফেনী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চে সারা দেশে একযোগে পৌরসভা ও জুলাইয়ের শেষে ছয় বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের মিজান রোডে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি বলেন, "আগামী বছরের মার্চ মাসে সারা দেশে একযোগে পৌরসভা ও জুলাইয়ের শেষে ছয় দিনে ছয় বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে।" দেশে বর্তমানে তিনশ' নয়টি পৌরসভা রয়েছে। এরমধ্যে গত বছরের ৪ আগষ্ট সাতটি পৌরসভায় নির্বাচন হয়। বাকি পৌরসভাগুলোতে আগামী মার্চে নির্বাচন হবে। এছাড়া দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলোর বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ। সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার (পৌরসভা) এবং ৪ অক্টোবর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন জাতীয় সংসদে পাস হয়। ইসি এখন আইন অনুসরণ করে ওই দুই নির্বাচন পরিচালনার বিধিমালা তৈরি করছে। ফেনীতে সিইসি সার্ভার স্টেশন স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান দেখে বলেন, "সার্ভার স্টেশন হলে এখানেই ন্যাশনাল আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) তৈরি করা যাবে।" তিনি সার্ভার স্টেশনের নকশা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক মেয়র আবদুল কুদ্দুস খান, জেলা পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান ও পৌর মেয়র নুরুল আবসার উপস্থিত ছিলেন। সকালে সিইসি শামছুল হুদা নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলায় নির্বাচন কমিশনের কম্পিউটার সার্ভার ষ্টেশনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এসময় জাতীয় সার্ভার প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, গণপূর্তর অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কবুলেশ্বর ত্রিপুরা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুর রহমান, নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশীদ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সিইসি জেলা ও সদর উপজেলা সার্ভার ষ্টেশনের স্থানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করলেও সেনবাগ উপজেলায় প্রস্তাবিত স্থানের বিষয়ে আপত্তি জানান। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম সোহেল জানান, পরিষদের সীমানার মধ্যে এমনিতে খালি জায়গা নেই। এর পরও তিনি তার এবং নির্বাচন কার্যালয়ের কাছাকাছি একটি জায়গা নির্বাচন করে রেখেছিলেন। কিন্তু সিইসি ওই জায়গা দেখে সেখানে সার্ভার ষ্টেশন নির্মান সম্ভব নয় বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসএইচ/এমএসবি/১৭৪৬ ঘ.