২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কে অভিন্ন টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ার আহ্বান

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে টেলিযোগাযোগের সাধারণ নেটওয়ার্ক গড়ে তোলা এবং ফোন কলচার্জ কমানোর আহবান জানিয়েছে এ খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে টেলিযোগাযোগের সাধারণ নেটওয়ার্ক গড়ে তোলা এবং ফোন কলচার্জ কমানোর আহবান জানিয়েছে এ খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা। দক্ষিণ এশিয়াকে বিকাশমান বাজার হিসেবে চিহ্নিত করে মোবাইল ফোন, ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সংশ্লিষ্ট সবার মধ্যে আঞ্চলিক সমন্বয় বাড়ানো, ফাইবার ক্যাবলের মাধ্যমে আঞ্চলিক আন্তঃযোগাযোগ তৈরি এবং সমন্বিত আঞ্চলিক নীতিমালা ও কাঠামো প্রণয়নের আহবানও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে দুই দিনব্যাপী 'দক্ষিণ এশিয়া মোবাইল সম্মেলন ২০০৯' এর দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে তারা এ আহ্বান জানান। আঞ্চলিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে মোবাইল ফোন ভবিষ্যতে বিশেষ ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করে তারা দেশগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নিয়ন্ত্রণ সংস্থা এবং কার্যরত অপারেটরদের আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন। সেমিনারে টেলিনর গ্র"প এশিয়ার প্রকল্প পরিচালক (বিজনেস এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট) খালিদ হাসান বলেন, "এ অঞ্চলের টেলিযোগাযোগ খাতের বিকাশে সনাতন ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা, বিশ্বায়ন, নিরাপত্তা হুমকি, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।" তিনি দক্ষিণ এশিয়ার বিশাল জনগোষ্ঠী, জিডিপির প্রবৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা, প্রতিযোগিতার মাত্রা, টেলিকম নীতিমালা, শ্রম বাজার, কর হারের সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে এসব নতুন ইস্যু মোকাবেলায় সব পক্ষের স্বার্থ রক্ষা করে সবাইকে যৌথভাবে এগিয়ে আসার আহবান জানান। বাংলাদেশ প্রসঙ্গে খালিদ বলেন, "সুনির্দিষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ নীতিমালা এবং পরিকল্পনা না থাকায় বিভিন্ন মোবাইল অপারেটরসহ এ খাতের অন্য বিনিয়োগকারীরা এদেশে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।" নতুন বিনিয়োগের জন্য তিনি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিয়ন্ত্রণকারী সংস্থা হওয়ার পরিবর্তে রাজস্ব আদায়কারী সংস্থায় রূপ নিয়েছে বলে মন্তব্য করেন টেলিনরের এই কর্মকর্তা। নেপাল টেলিকমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্যবসা) বিশ্বনাথ গোয়েল বলেন, "মোট আন্তর্জাতিক ফোন কলের ৭১ শতাংশ এ অঞ্চলের মধ্যে হলেও ইউরোপ-আমেরিকার চেয়ে এর চার্জ অনেক বেশি। অনেক বেশি রোমিং সুবিধার চার্জও।" আঞ্চলিক সহযোগিতা বাড়াতে কলরেট কমানোর পাশাপাশি 'কমন নেটওয়ার্ক' গড়ে তোলার জন্য সার্কভুক্ত দেশগুলোর সরকারের প্রতি আহবান জানান তিনি। ফাইবার ক্যাবলের মাধ্যমে ভারত ও চীনের সঙ্গে নেপালের যুক্ত হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি জানান, এতে নেপালের সঙ্গে দুই দেশের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এটি মোবাইল ফোনের বাজার বাড়াতেও বিশেষ ভূমিকা রেখেছে। তিনি বলেন, "একই নেটওয়ার্কের আওতায় এলে যে কোনও দুর্ঘটনা কিংবা দুর্যোগের সময় বিকল্প যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সুযোগ তৈরি হয়।" মোবাইল অপারেটরদেরও সমমানের আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তোলার উপর জোর দেন নেপাল টেলিকমের কর্মকর্তা বিশ্বনাথ। সেমিনারে বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়াইম্যাক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস বলেন, বাংলাদেশে এই নতুন প্রযুক্তি ইন্টারনেট সংযোগ ও টেলিযোগাযোগ খাতে নতুন দিকের সূচনা করেছে। এই প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য লাভজনক উল্লেখ করে তিনি বলেন, উচু মানের এ সেবা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগের ক্ষেত্রেও এ প্রযুক্তি চালিকাশক্তিতে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন। আগামী বছর দেশে মোবাইলে দ্রুতগতির থ্রি-জি প্রযুক্তি চালু হলেও ওয়াইম্যাক্স ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে মবস বলেন, "দুটি ভিন্ন প্রযুক্তি। তবে গ্রাহকরা ওয়াইম্যাক্স ব্যবহারে বেশি লাভবান হবে।" সেমিনারের আয়োজক দক্ষিণ এশিয়া মোবাইল ফোরামের চেয়ারম্যান মেহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "লাইসেন্স ছাড়া অবৈধভাবে কোনও অপারেটর নতুন কোনও প্রযুক্তি বাংলাদেশে চালু করলে- তা দেশের টেলিকম খাতে বিরূপ প্রভাব ফেলবে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও নেতিবাচক ধারণা তৈরি করবে।" জিএসএম অ্যাসোসিয়েশনের পরিচালক ক্রিস্টিন ডি হগ এ অঞ্চলের টেলিযোগাযোগের ভবিষ্যতকে শক্তিশালী করতে স্পেকট্রাম বিতরণের জন্য দেশগুলোর সরকার ও নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকার ওপর আলোচনা করেন। অনুষ্ঠানে ভুটান বি মোবাইলের মহাব্যবস্থাপক টান্ডি ওয়াংচুক ও ডায়লগ গ্লোবাল শ্রীলংকার গ্র"প হেড লিগ্যাগ ট্রিনেস ফার্নান্ডো টেলিযোগাযোগ সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এমআই/১৭৩০ ঘ.