ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামের আগুন বুধবার রাতে পুরোপুরি নিভেছে।
গত রোববার ভোরে তেজগাঁওয়ে এনসিটিবির ওই গুদামে আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগামী বছরের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ব্যাহত হবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
ওই অগ্নিকাণ্ডকে নাশকতা বলে দাবি করছেন শিক্ষামন্ত্রী। গুদাম থেকে বুধবার কিছু রাসায়নিক পাউডারও উদ্ধার করা হয়।
দমকলের পরিচালক (অপারেশন্স) মেজর শেখ মো. শাহজালাল বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টায় আগুন পুরোপুরি নেভানো হয়েছে।"
বুধবার দুপুরের পর থেকে ধোঁয়া না উড়লেও আগুন পুরোপুরি নিভেছে বলে তখন নিশ্চিত করেনি দমকল বাহিনী।
অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে।
এনসিটিবির এ গুদাম দেশে পাঠ্যপুস্তক ও বই ছাপানোর কাগজ রাখার প্রধান গুদাম। গাজীপুরের টঙ্গীতে এনসিটিবির আরেকটি গুদাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24