খুলনা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় যুবলীগের ভাইস চেয়ারম্যান, খুলনা সিটি ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যার সন্দেহভাজন আসামী মেজবাহুল হোসেন বুরুজকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় গোয়েন্দা পুলিশ তাকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মো. আবু মাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুরুজকে ঢাকায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। রাতেই খুলনা থেকে পুলিশের একটি টিম রওনা হচ্ছে তাকে নিয়ে আসার জন্য।"
মেজবাহুল হোসেন বুরুজ কেন্দ্রীয় যুবলীগের সদস্য।
পুলিশ কর্মকর্তা বলেন, ইতোপূর্বে গ্রেপ্তারকৃত ১২ জনের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে বুরুজের সম্পৃক্ততার কথা বেরিয়ে এসেছে। বিথার হত্যার পর দিন থেকেই তিনি খুলনা থেকে পালিয়ে আত্মগোপন করেন। নগরীর খানজাহান আলী রোডের বাসিন্দা বুরুজ পেশায় একজন ঠিকাদার বলে জানান তিনি।
গত ১১ জুলাই রাতে নগরীর মুসলমান পাড়ার নিজ বাড়ির অদূরে সন্ত্রাসীদের গুলিতে বিথার নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24