২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটিবির গুদাম থেকে 'রাসায়নিক পাউডার' উদ্ধার

তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আগুন লাগা গুদাম থেকে বুধবার রাতে পাউডার জাতীয় কিছু পদার্থ উদ্ধার করা হয়েছে। এগুলো রাসায়নিক পাউডার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী ধরনের রাসায়নিক তা নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আগুন লাগা গুদাম থেকে বুধবার রাতে পাউডার জাতীয় কিছু পদার্থ উদ্ধার করা হয়েছে। এগুলো রাসায়নিক পাউডার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী ধরনের রাসায়নিক তা নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা। তবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ বিষয়ে বলেন, "এটা নাশকতার আলামত হতে পারে। আর যেখানে এটি পাওয়া গেছে, সেখান থেকে 'এক্সস্ট' ফ্যানের ফোকর ৫/৬ ফুট দূরে।" এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী আগুনের ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে দমকল বাহিনীর সদস্যরা গুদামের ভেতরের উত্তর-পূর্ব অংশে পানিতে ভেজা কাগজের দু'স্তূপের ফাঁক থেকে থকথকে বাদামী রংয়ের ওই পদার্থ উদ্ধার করেন। গুদামের ওই অংশটি গত কয়েক দিন ধরে আগুনের মূল উৎসস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছিলো। ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মর্তূজা অন্তু জানান, রাত সাড়ে আটটার দিকে দমকল বাহিনীর সদস্যরা গুদামের ভেতর হোসপাইপ দিয়ে পানি দেওয়ার সময় ভেতর থেকে পানির সঙ্গে সাদা রংয়ের পাউডার জাতীয় কিছু বেরিয়ে আসতে দেখেন। দমকল বাহিনীর পরিচালক (অপারেশন্স) মেজর শেখ মোহাম্মদ শাহাজালালকে খবর দেন দমকল কর্মীরা। মেজর শাহাজালাল এসে পানির ধারার সঙ্গে নেমে আসা সাদা পাউডার দেখে পানি দেওয়া বন্ধ করে দেন। এরপর দু' স্তূপের ফাঁকে হাত গলিয়ে দমকল কর্মীরা পানিতে ভেজা বাদামী রঙের কিছু পাউডার বের করে আনে। মেজর শাহাজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভেতর থেকে উদ্ধার করা দ্রব্য কোন ধরনের কেমিক্যাল হতে পারে বলে মনে হচ্ছে। তবে এটা কী জাতীয় রাসায়নিক তা পরীক্ষা-নীরিক্ষা ছাড়া বলা সম্ভব না।" পরে ঘটনাস্থল পরিদর্শনে আসা গুদামে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রাজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষজ্ঞদের মতামতের জন্য উদ্ধার করা কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন না পাওয়ার আগে কোন কিছু বলা ঠিক হবে না।" তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে রোববার সকালে আগুন লেগে বুধবার দুপুর পর্যন্ত তা জ্বলতে থাকে। তবে এদিন দুপুরের পর থেকে আর আগুন বা ধোঁয়া দেখা যায়নি। এটি দেশে পাঠ্যপুস্তক ও বই ছাপানোর কাগজ রাখার প্রধান গুদাম। গাজীপুরের টঙ্গীতে এনসিটিবির আরেকটি গুদাম রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/২২৩৯ ঘ.