চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ড্রেজার 'খনক'কে টাগবোট দিয়ে টেনে আনোয়ারা উপকূলবর্তী পারকি সমুদ্র সৈকতের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
'খনক' চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একমাত্র বৃহদায়তনের ড্রেজার।
বুধবার দুপুর ২টার দিকে বন্দরের বহির্নোঙ্গরের গ্রিন বয়ার কাছে বন্দরের ড্রেজার জাহাজ 'খনক'কে পানামার পতাকাবাহী জাহাজ এমভি সিইউ ইটোপিয়া ধাক্কা মারে। এতে খনকের সামনের অংশের তলদেশ ফেটে গেলে তাতে পানি ঢুকে একপাশে কাত হয়ে যায়।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনাকবলিত 'খনক'কে বিকেলে চারটি টাগবোটের সহায়তায় আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের দিকে টেনে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, 'খনক' গ্রিন বয়ার পাশে খনন কাজ করার সময় বন্দরে প্রবেশরত গমবাহী জাহাজ এমভি সিইউ ইটোপিয়া ধাক্কা মারে। দুর্ঘটনায় 'খনক' এর নাবিকদের কোন ক্ষতি হয়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন বিঘ
bdnews24