২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে সিটি, পৌর ও ইউপি নির্বাচন হবে: সিইসি

কেউ আসুক আর না আসুক যথাসময়ে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

নোয়াখালী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেউ আসুক আর না আসুক যথাসময়ে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে অনীহা প্রকাশ করলে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। নির্বাচনের আগে কোনো দলের সঙ্গে কমিশনের বৈঠকের সুযোগ নেই। বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা পরিষদে সাংবাদিকদের শামসুল হুদা এসব কথা বলেন। সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলায় প্রস্তাবিত সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন উপলক্ষে তিনি নোয়াখালী আসেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে যে ৯ উপজেলায় ভোটার তালিকার কাজ সম্পন্ন করা হয়েছে সেখান থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় সার্ভার স্টেশন প্রকল্পের পরিচালক মোয়াজ্জেম হোসেন, কুমিল্লা অঞ্চলের উপ-নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন। এরপর সিইসি লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা বলেছেন, আগামীতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হলে নীতিমালা অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে। অথচ বর্তমানে নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের সুনির্দিষ্ট কোনো আইন নেই। বিকেলে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রস্তাবিত সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন উপলক্ষে তিনি দুপুরে লক্ষ্মীপুর আসেন। অতীতে মার্শাল ল'র মতো অপশক্তিগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে এবং নির্বাচন কমিশনার নিয়োগে কোনো নিয়মনীতি মানেনি উল্লেখ করে সিইসি বলেন, এ কারণে ভারত ও ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। দেশের ৫০২টি থানা ও উপজেলায় সার্ভার স্টেশন স্থাপন কাজ আগামী বছরের জুলাই মাস নাগাদ শেষ হবে। এর আগে দুপুর আড়াইটার দিকে সিইসি রায়পুর উপজেলায় প্রস্তাবিত সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন করেন। সার্কিট হাউজে তার সঙ্গে ছিলেন সার্ভার স্টেশন প্রকল্প পরিচালক মোয়াজ্জেম হোসেন, উপ-নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২১৪ ঘ.