২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা

আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপসের গাড়িতে বুধবার রাতে বোমা হামলা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এ ঘটনায় সামান্য আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতদের নিক্ষিপ্ত বোমায় তার গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলে নূর তাপসের গাড়িতে বুধবার রাতে বোমা হামলা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এ ঘটনায় সামান্য আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতদের নিক্ষিপ্ত বোমায় তার গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। (আরো তথ্যসহ ৫) ঢাকা ১২ আসনের সাংসদ তাপস তার মতিঝিলের কার্যালয় থেকে বাসায় ফেরার সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী ও পথচারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিবেদক জানিয়েছেন। তাপসের সহকারি ওয়াহিদুল আলম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাপসসহ তারা গাড়িতে ওঠার পরপরই পেছনে একটি বিস্ফোরণ হয়। এতে গাড়ির পেছনের পুরো কাঁচ ভেঙে যায়। আরিফ বলেন, এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তারা সোজা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় চলে যান। মধ্যরাতে রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১২টার দিকে তাপসকে পুলিশ পাহারায় যমুনা থেকে তার ধানমন্ডির বাসায় পৌঁছে দেওয়া হয়। সম্ভাব্য হামলাকারীদের ধরতে রাতে পুলিশ চৌকি বসিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ও প্রবেশদ্বারে তল্লাশী চালায়। ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নূর আলম উজ্জ্বল বলেন, বিস্ফোরণে ভেঙে যাওয়া কাঁচের টুকরায় তাপস কিছুটা আহত হন। গাড়ির সামনের কাঁচও ফেটে যায় বলে তিনি জানান। তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণির ছেলে। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার প্যানেল আইনজীবী। রাত প্রায় ১১টায় ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানান, বোমা হামলার স্থানটি র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে। ডিবি ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। লিটন হায়দার জানান, বোমার আঘাতে রাস্তায় একটি গর্তের সৃষ্টি হয়েছে। আশেপাশে অনেক কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে। পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, "এটি একটি বোমা হামলা, এ বিষয়ে আমরা নিশ্চিত। কে বা কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, ঘটনায় আহত ১৩ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তারা তাপসের গাড়ির পাশেই ছিলেন। আহতরা হলেন আব্দুল হালিম (৩৫), কামাল হায়দার (৪০), তাকিম গাজী (৩৫), আরমান হক (২৮), মোঃ রিপন (২৭), মাসুদ আল মামুন (৪০) ও সালাউদ্দিন পান্না (৫২), ইনু (২৮, মইনুদ্দিন (৩৫), আতিক (৩০), শাহিন (৩৯), মাহফুজুর রহমান (৩২) ও ফজলুল (৩১)। পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন হাসপাতালে আহতদের দেখতে যান। এদিকে তাপসের ওপর হামলার ঘটনায় তার নির্বাচনী এলাকার অংশ ধানমন্ডির কলাবাগানে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। এছাড়া ঘটনার কিছু পরেই ঢাকা বিশ্ববিদালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/কেআরসি/এসআইটি/এসকে/০০৫১ঘ.