২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ড: ছাত্রদল নেতা তিন দিনের আইনী হেফাজতে

পিলখানা হত্যাকাণ্ড মামলায় হাজারীবাগ থানা ছাত্রদলের সভাপতি মুহাম্মদ উল্যাহ সোহেলকে তিন দিনের সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড মামলায় হাজারীবাগ থানা ছাত্রদলের সভাপতি মুহাম্মদ উল্যাহ সোহেলকে তিন দিনের সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। গত সোমবার সোহেলকে গ্রেপ্তার করে সেদিনই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ সাত দিন হেফাজতের আবেদন করেন। বুধবার শুনানি শেষে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানী তিন দিনের আইনী হেফাজত মঞ্জুর করেন। সোহেল এ সময় আদালতে উপস্থিত ছিলেন। এর আগে এ মামলায় ৫৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি তোরাব আলীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় শেষে কারাগারে পাঠানো হয়। রিমান্ড আবেদনে বলা হয়, বিডিআর জওয়ানদের সমর্থনে সোহেল মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। সহযোগীদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এদিন একই বিচারক নতুনভাবে গ্রেপ্তার ২৫ জন বিডিআর সদস্যকে পাঁচদিন করে এবং ১৮ জন বিডিআর সদস্যকে চার দিন আইনী হেফাজতে নেওয়ার আদেশ দেন। এছাড়া আরও তিনজন বিডিআর সদস্য ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এদিন। এ বছরের ফেব্র"য়ারির শেষ সপ্তাহে পিলখানায় বিডিআর সদর দপ্তরে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা। ঘটনার পর রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েক হাজার বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০০৪ঘ.