ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডি কেনাকে কেন্দ্র করে রাজধানীর সিটি কলেজ মোড়ের হ্যাপি আর্কেড বিপণী বিতানে বুধবার দুপুরে ভাঙচুর চালিয়েছে বেসরকারি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
হ্যাপি আর্কেড শপিং কমপ্লেক্সের ওপরের দু'টি তলায় ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলে।
হ্যাপি আর্কেড বিপণী বিতান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান শিশির জানান, দুপুর ১টার দিকে শপিং কমপ্লেক্সের তিন তলায় সিডির দোকান 'পিয়ানো'তে সিডি কিনতে আসেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। পরে তারা সিডির দাম না দিয়ে চলে যেতে চাইলে বিক্রেতা মহিউদ্দীন রানার সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে মালিক সমিতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। আলোচনা চলার সময় কিছু ছাত্র নীচে নেমে শপিং কমপ্লেক্সের নীচতলায় ভাঙচুর চালায়। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হ্যাপি আর্কেডের ওপরতলা থেকে বিশ্ববিদ্যালয় সরানোর দাবি জানিয়ে তিনি বলেন, "ছাত্ররা সবসময়ই এখানে উৎপাত করে। বিভিন্ন অনুষ্ঠানে এসে চাঁদা চায়। মার্কেটের সিড়িতে, হাঁটারপথে দাঁড়িয়ে আড্ডা দেয়। অনেক সময় মহিলা ক্রেতারা মর্কেটে এসে টিজিং এর শিকার হন। মার্কেটের ওপরে বিশ্ববিদ্যালয় না থাকাই ভাল।"
ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানকর্মী হাবিবুর বলেন, ছাত্ররা ভাঙচুর করার সময় পুলিশ টিয়ারগ্যাস মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করে নিয়ে যায় পুলিশ।
তিনি জানান, ছাত্র-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার সময় মিরপুর সড়কে ১৫/২০ মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রহিম বি তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডি নিয়ে বাকবিতণ্ডার জেরে আমাদের একজন ছাত্রকে হাত বেঁধে পিটিয়েছে দোকানদাররা। পরে আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসলে একদল তরুণ গিয়ে নীচতলায় কাঁচ ভাঙচুর করে। এখন তারা আমাদের ছাত্র কি না তা নিশ্চিত নয়। তবে এখন যেহেতু এক ছাদের নীচে কর্মকাণ্ড চালাতে হবে তাই আমরা মীমাংসার চেষ্টা করছি। শুনেছি পুলিশ আমাদের কয়েকজন ছাত্রকে আটক করে নিয়ে গেছে।"
এ ব্যাপারে ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কেনাকাটা নিয়ে গণ্ডগোল ও ভাঙচুর হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করে। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৮৪৭ ঘ.
bdnews24