ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামের আগুন নিভে এসেছে। বুধবার দুপুরের পর সেখান থেকে কোনও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে না। দমকল বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।
দমকল বাহিনীর পরিচালক (অপারেশন্স) মেজর শেখ মো. শাহজালাল বেলা ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন প্রায় নিভেছে। কোনও ধোঁয়া এখন দেখা যাচ্ছে না। তবে পুরোপুরি নিভেছে কি না- তা নিশ্চিত হতে কিছুটা সময় লাগবে।"
গুদামে থাকা আরও কিছু কাগজের স্তূপ সরানো বাকি আছে। তা সরাতে পারলেই আগুন পুরোপুরি নিভবে বলে দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ এর আগে জানিয়েছিলেন।
দমকল বাহিনীর সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কাজী সুফিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজও (বুধবার) ৬০ জন দমকলকর্মী সেখানে কাজ করছে।"
গত রোববার ভোরে তেজগাঁওয়ে এনসিটিবির ওই গুদামে আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগামী বছরের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণব্যাহত হবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে। বুধবার তাদের প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/এমআই/১২৫৫ ঘ.
bdnews24