ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় বর্ষে ভর্তি ফি এক হাজার টাকা বাড়ানোর প্রতিবাদে ক্যাম্পাসে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫ম সেমিস্টারের শিক্ষার্থীরা।
রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৬-০৭ শিক্ষাবর্ষে এ অনুষদে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রতি বছর বিভিন্ন ফি বাড়িয়ে চলেছে। এবার হঠাৎ করে ৩য় বর্ষে ভর্তি ফি ১ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়।
"এ ঘটনার সুষ্ঠু সমাধান করতে সোমবার থেকে আমরা চারবার অনুষদের ডিনের সঙ্গে দেখা করেছি। কিন্তু তিনি এর কোন সমাধান দিতে পারেননি। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। তবে লেকচার থিয়েটার থেকে বের হয়ে আমাদের মিছিল কলাভবনের করিডোর প্রদক্ষিণ করার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে মিছিল না করার অনুরোধ করেন।
"তার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করি।"
উপাচার্য শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কীভাবে কারা এ ফি বাড়িয়েছে, আমরা তা খতিয়ে দেখব। শিক্ষার্থীদের দাবির ব্যাপারেও আমরা দ্রুত একটি সিদ্ধান্ত নেব।"
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাবীবুর রহমান বলেন, আমাদের অনুষদে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাবদ ২,৩৯৯ টাকা করে দিতে হত। এখন তা বাড়িয়ে ৩,৩৯৯ টাকা করা হয়েছে। এর বাইরে ৮০০ টাকা কোর্স ফি, ১৫০ টাকা কেন্দ্র ফি দিতে হবে। এছাড়াও আবাসিক শিক্ষার্থীদের আরও ৩০০ টাকা করে দিতে হয়। একসঙ্গে এত টাকা দেওয়া অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়।
অপর শিক্ষার্থী নুরে আলম দুর্জয় বলেন, ভর্তি ফি এক হাজার টাকা বেড়ে গিয়েছে, অথচ এ ব্যাপারে অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেউ কিছু জানেন না। বিষয়টি খুবই রহস্যজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24