ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সরকারী নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়ে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক গণমাধ্যম নীতিমালার আওতায় আনতেই তা প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, এ নীতিমালার আওতায় বেসরকারি চ্যানেলগুলোকে একটি মাত্র সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
শিগগিরই এটি প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এবং মোবাইল ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া যৌথভাবে 'অগ্রসর বাংলাদেশ গড়তে তথ্য সমৃদ্ধ সমাজ" শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বিইআই সভাপতি ফারুক সোবহানের সভাপতিত্ব ও সঞ্চালনায় বৈঠকে মূল নিবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
এতে আরও বক্তব্য দেন নোকিয়ার মহাব্যবস্থাপক প্রেম চান্দ, বিএএসআইএস'র সভাপতি হাবিবুল্লাহ এন করিম, মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠনের সভাপতি জাকিউল ইসলাম।
আবুল কালাম আজাদ আরো বলেন, "দেশের জন্য একটি তথ্য সমাজ গঠন করতে হবে। ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নে টেলিকমিউনিকেশন এবং আইসিটির বিস্তার ঘটাতে সরকার বদ্ধপরিকর। এজন্য সরকার ইন্টারনেট ও আইসিটি সহজলভ্য করতে পদক্ষেপ নিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২৩০ঘ.
bdnews24