গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গী থানাধীন মধুমিতা রোড এলাকায় মঙ্গলবার রাতে রোলারের সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনার পর থেকে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন চলছে স্বাভাবিকভাবেই। একটি লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে কর্ণফুলী, মহানগর এক্সপ্রেস এবং নোয়াখালী থেকে ঢাকামুখী উপকূল এক্সপ্রেস বিলম্বিত হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহাদাত হোসেন।
তিনি জানান, টঙ্গী-বিমানবন্দর রুটের টঙ্গী ব্রিজের আগে মধুমতি এলাকায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টা পর্যন্ত ইঞ্জিনটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, রাত ৭টা ৫৫ মিনিটে রাস্তার কাজ করার জন্য রাখা রোলারের সঙ্গে তিস্তা (৭০৮ নং ডাউন) এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24