২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয়দের হাতে নিহত বাংলাদেশির লাশ ফেরত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার সুলতানপুর এলাকায় নিহত বাংলাদেশি নাগরিকের লাশ সোমবার রাতে ফেরত দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার সুলতানপুর এলাকায় নিহত বাংলাদেশি নাগরিকের লাশ সোমবার রাতে ফেরত দেওয়া হয়েছে। ওইদিন ভোর ৫টার দিকে রফিকুল ইসলাম (৩৮) সীমান্ত পার হয়ে ভারতে ঢুকলে সুলতানপুর এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে। রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের কায়েস মিয়ার ছেলে। রাতে সোনা মসজিদ সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের পর রফিকুলের লাশ ফেরত দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিডিআর কর্মকর্তারা। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিডিআর চিঠি দেয় বিএসএফকে। পরে সোমবার রাত সাড়ে ৯টায় সোনামসজিদ সীমান্তের নিরপেক্ষ রেখায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক হয়। তিনি জানান, বিএসএফ ফেরত দেওয়ার পর রফিকুলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.