ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে রোববার সকালে লাগা আগুন মঙ্গলবার দুপুরেও নেভেনি।
তবে দমকল বাহিনী মঙ্গলবারের মধ্যেই আগুন নেভানোর আশা করছে।
দমকলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় এক লাখ ১৫ হাজার বর্গফুটের গুদাম ঠাসা কাগজ বের করা অনেক ঝক্কির ব্যাপার ছিল। তাই আমাদের দেরি হয়েছে।"
মঙ্গলবারের মধ্যে কাগজের স্তূপ সরানো গেলে আগুন পুরোপুরি নিভে যাবে বলেও জানান তিনি।
দমকলের পরিচালক (অপারশেন্স) মেজর শেখ মো. শাহজালাল বলেন, "পানিতে কাগজ ফুলে ওঠার কারণে এখন মেঝে থেকে ছাদ পর্যন্ত ঠাসা কাগজ আরও চেপে বসেছে। ফলে এখান থেকে কাগজ বের করতে খুবই সমস্যা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জিএনএ/১৭৫৬ ঘ.
bdnews24