ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তেজগাঁওয়ের গুদামে আগুন লাগার ঘটনা তদন্তে সরকার গঠিত কমিটি কাজ শুরু করেছে।
কমিটির প্রধান রাজিয়া বেগম বলেন, "সোমবার বেলা ১২টা থেকে আমরা কাজ শুরু করেছি। প্রথমে আমরা একটা সভা করেছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এনসিটিবিতে শনিবার কর্তব্যপালনকারী কর্মচারিদের সঙ্গে কথা বলেছি।"
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, "আমরা কোনও সন্দেহ বা আশঙ্কাই উড়িয়ে দিচ্ছি না। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে এখনই সব নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।"
তদন্ত কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়ে রাজিয়া বেগম বলেন, "শিগগিরই কমিটিতে ইমারত নির্মাণ বিশেষজ্ঞ ও একজন বৈদ্যুতিক বিশেষজ্ঞ চাওয়া হবে।"
তিনি আরও বলেন, "আমরা আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও এর দায়-দায়িত্ব নিরূপণ করার চেষ্টা করবো। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ করবে কমিটি। এর জন্য যা প্রয়োজন, তা করা হবে।"
তিন কর্মদিবসের মধ্যে কমিটি একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবে বলে জানান তিনি।
দমকল বাহিনীর পরিচালক (অপারেশন্স) মেজর শেখ মোহাম্মদ শাহজালাল সোমবার সাংবাদিকদের বলেন, "আমরা কোনও আশঙ্কাই উড়িয়ে দিচ্ছি না। গুদামের পেছনের অংশে পরিত্যক্ত একটি কারখানা রয়েছে। সেখানে মাদকসেবীরা আড্ডা জমাতো। সেখানকার ছাদের ওপরে ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে।"
তিনি আশঙ্কা করেন, মাদকসেবীদের ছুঁড়ে মারা সিগারেটের শেষাংশ থেকেও আগুন লাগতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আবার কেউ নাশকতামূলকভাবেও আগুন লাগিয়ে থাকতে পারে।
তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে রোববার সকালে আগুন লেগে দু'দিন ধরেই জ্বলছে। এটি দেশে পাঠ্যপুস্তক ও বই ছাপানোর কাগজ রাখার প্রধান গুদাম। গাজীপুরের টঙ্গীতে এনসিটিবির আরেকটি গুদাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২৩৩১ ঘ.
bdnews24