২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সময়সূচি কার্যকর ১ নভেম্বর

রাজধানীর যানজট নিরসনে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর থেকে তা কার্যকর হবে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর থেকে তা কার্যকর হবে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগরীর ইংরেজি মাধ্যমের স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, প্রাথমিক স্তর সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে শুরু করতে হবে। তবে পাঠদান সময় কোনক্রমেই এক শিফটের জন্য ৬ ঘন্টা এবং ডাবল শিফটের জন্য ৫ ঘন্টার বেশি হবে না। তথ্যবিবরণীতে আরও বলা হয়, একই এলাকায় অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় যানজট পরিস্থিতি বিবেচনা করে পরস্পরের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্লাশ শুরুর পৃথক সময়সূচি নির্ধারণ করতে পারবে। গত ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে যানজট নিরসনে ঢাকা মহানগরীর সব সরকারি-বেসরকারি অফিস, বিধিবদ্ধ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গত ১৫ অক্টোবর থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। গত কিছুদিন ধরে রাজধানীতে অফিস সময়ে অসহনীয় যানজট দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার আলাদা সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নেয়। এছাড়া দিনের আলোর ব্যবহার বাড়াতে গত ১৯ জুন রাত ১২টায় ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে আনা হয়। তা এখনও কার্যকর রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এইচএ/১৮১৮ ঘ.