২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকাণ্ড তদারকি করতে শক্তিশালী একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ভাবছে সরকার। রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) এর প্রধান আকবর আলি খানের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকাণ্ড তদারকি করতে শক্তিশালী একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ভাবছে সরকার। রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) এর প্রধান আকবর আলি খানের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার একথা জানিয়েছেন। আরআরসি বিলুপ্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, তবে কমিশন বিভিন্ন খাতের সংস্কারে যে সব সুপারিশ করেছে সরকার সেগুলো বাস্তবায়ন করবে। সরকারের কাছ থেকে কোনা ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না- এ অভিযোগ করে গত ১৫ অক্টোবর আরআরসি'র চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন আকবর আলি খান। ২০০৭ সালের ৩০ অক্টোবর বিগত তত্ত্বাবধায়ক সরকার আকবর আলি খানকে প্রধান করে ১৭ সদস্যের রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন করেছিল। দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত তামোসু সিনোসুকা তার সঙ্গে দেখা করার পর মুহিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আকবর আলির পদত্যাগের পর আরআরসিকে টিকিয়ে রাখা হবে কিনা-এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "আমার ব্যাক্তিগত অভিমত হচ্ছে, পুরনো জরাজীর্ণ আইন-কানুন, বিধি-বিধান সংস্কার বা যুগোপযোগী করার জন্য এ ধরনের কমিশন গঠনের প্রয়োজন ছিল। অনির্বাচিত সরকার (বিগত তত্ত্বাবধায়ক সরকার) বিভিন্ন খাতের সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। আরআরসি ছিল সেগুলোরই একটি। "কিন্তু আমরা (সরকার) ব্যাপারটাকে অন্যভাবে চিন্তাভাবনা করছি। আরআরসি'র দেওয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন, বিনিয়োগ বোর্ড, প্রাইভটাইজেশন কমিশনসহ সরকারি অন্যান্য সংস্থাকে শক্তিশালী করতে বড় ধরণের কোনো নিয়ন্ত্রক সংস্থা বা প্রতিষ্ঠান গঠন করা যায় কিনা-সে বিষয়টি আমরা গভীরভাবে ভাবছি।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন অকার্যকর হয়ে পড়েছে। এগুলোকে কার্যকর করতে হবে। অন্যদিকে আরআরসি বেশ কিছু ভালো সুপারিশ করেছে। তাদের সে সব সুপারিশ অবশ্যই বিবেচনা করা হবে। "আর এ সব বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্যই আলদা একটি সংস্থা গঠনের চিন্তাভাবনা করছি আমরা।" প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে বলেও জানান আবুল মাল আবদুল মুহিত। রেগুলেটরি রিফর্মস কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত ১১টি সভা করে একশ'৩৫টি সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। এর মধ্যে ৪৬টি (৩৪ শতাংশ) বাস্তবায়িত হয়েছে। আংশিক বাস্তবায়িত হয়েছে নয়টি (৭ শতাংশ), ৫২টি (৩৮ শতাংশ) সুপারিশ বাস্তবায়নাধীন আছে। বিবেচনাধীন আছে ২০টি (১৫ শতাংশ) এবং অবাস্তবায়িত অবস্থায় আছে আটটি (৬ শতাংশ) সুপারিশ। চলতি মাসের (অক্টোবর) মধ্যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-কাঠামো (পে-স্কেল) ঘোষণা করা হবে কিনা- এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "এ মাসের মধ্যে ঘোষণা করা সম্ভব হবে না। আমি এবং আমার সচিব (অর্থ সচিব) বেশ কয়েক দিন দেশের বাইরে থাকায় এ সংক্রান্ত কাজ সমন্বয় করতে কিছুটা দেরি হয়েছে।" তবে আগামী মাসের প্রথম দিকে নতুন পে-স্কেল ঘোষণা করা সম্ভব হবে বলে জানান তিনি। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে না কোনো- এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "প্রকল্প প্রণয়নসহ নানা ধরণের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের প্রকল্প বাস্তবায়নে দেরি হয়। রাতারাতি তো আর এ জটিলতা দূর করা সম্ভব নয়। পদ্মা সেতুর ক্ষেত্রে সেটা হচ্ছে। "তবে আর বেশি সময় লাগবে না। ডোনাররা (দাতারা) কে কতো টাকা দেবে সব কিছু ঠিক হয়ে গেছে। বাকি টাকা কিভাবে আসবে- সেটাও ঠিক হয়ে গেছে।" জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "ঐতিহাসিকভাবে জাপানের সঙ্গে বাংলাদেশের সুন্দর সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়েও দু-দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। দু-দেশেই নতুন সরকার। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।" তিনি জানান, আগামী বছরের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৪৫৫ ঘ.