২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল ওষুধ: রিড ফার্মা প্রধান জেলে

বিচারক জামিন নাকচের আদেশে বলেন, "অসহায় নির্দোষ শিশুরা এই প্রতিষ্ঠানের ভেজাল ওষুধ খেয়ে মারা গেছে। এই ভেজাল ওষুধ দিয়ে তলোয়ার হিসেবে তাদেরকে আঘাত করে হত্যা করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণের একটি মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ'র আদালতে মিজানুর রহমানের জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিচারক জামিন নাকচের আদেশে বলেন, "অসহায় নির্দোষ শিশুরা এই প্রতিষ্ঠানের ভেজাল ওষুধ খেয়ে মারা গেছে। এই ভেজাল ওষুধ তলোয়ার হিসেবে তাদেরকে আঘাত করে হত্যা করেছে।" আদেশে আরও বলা হয়, যদিও আসামী শিশুমৃত্যুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, কিন্তু তার নিয়ন্ত্রিত পরিচালিত ফার্মাসিউটিক্যালসের ওষুধ খেয়ে শিশুরা মারা গেছে। তাই অভিযুক্তকে জামিন দিয়ে অনুকম্পা প্রদর্শনের সুযোগ নেই। জামিন শুনানিতে মিজানুর রহমানের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, এসব ঘটনা মিডিয়ার সৃষ্টি এবং ব্যবসায়িক শত্র"তার কারণে অভিযুক্তের বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট হাইকোর্টে তিনি আত্মসমর্পণ করলে হাইকোর্ট বিষয়টিতে বলেন, জামিনের ব্যাপারটি মহানগর দায়রা জজ আদালত বিবেচনা করবেন। এ বক্তব্যের বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এবং পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মকবুল হোসেন। গত ১২ অক্টোবর রিড ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে ওষুধ নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ওই মামলায় জামিনের আবেদন করেন। বিচারক এ এন এম বশির উল্লাহ শুনানির জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেন। এ সময়ের মধ্যে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা যাবে না বলেও আদেশ দিয়ে আদালত জানায়, মহানগর দায়রা জজ মিজানুর রহমানের জামিনের বিষয়টি বিবেচনা করবেন। ১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের একজন কর্মকর্তা ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ ও ভিাটমিন বি কমপ্লেক্স সেবনে কিডনি অকেজো হয়ে কমপক্ষে ২৫ টি শিশু মারা গেছে বলে গত ২১ জুলাই কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। সে সময় ওষুধ প্রশাসন জনস্বার্থে ওই ওষুধ কোম্পানিকে উৎপাদন ও বাজারজাতকরণে বিরত থাকতে সতর্ক করে দেয়। পরবর্তীতে মহাখালির ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে রিডের ওষুধ পরীক্ষা করে দেখা যায় এগুলো ভেজাল ও মানসম্মত নয়। কোম্পানিটির প্যারাসিটামল সিরাপের নমুনায় ক্ষতিকর ডাই ইথাইল গ্লাইকল রয়েছে বলেও পরীক্ষায় প্রমাণিত হয়। ডাই ইথাইল গ্লাইকল মূলত প্লাস্টিক বা চামড়ার রঙের থিনার হিসাবে ব্যবহার করা হয়। মামলা দায়েরের দিনই মিজানুর রহমান এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক শিউলি রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা। মামলায় এই দুই জন ছাড়াও আরও তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরা হলেন- রিড ফার্মার অপর পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জিএনএ/১২০০ ঘ.