বাগেরহাট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ সম্পদ রক্ষায় সরকারের ১০ দিন ইলিশ মাছ না ধরার কর্মসূচি সফল করার লক্ষ্যে কোস্টগার্ড ভোলাসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
এর অংশ হিসেবে গত চারদিনে প্রায় ১২২ মণ ইলিশ মাছ এবং ৬৪ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভোলার মেঘনা নদীর চটেরমাথা, রামদাশপুর ও কালুপুরচর এলাকা থেকে আটক করা হয় ৭০ মন ইলিশ মাছ এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল।
এর আগে ১৫ ও ১৬ অক্টোবর ভোলা থেকে ৪৩০ কেজি ইলিশ, ৩৫০ মিটার কারেণ্ট জাল, তজুমদ্দিন থেকে ২০০ কেজি ইলিশ, রামগতি থেকে ৬০০ কেজি ইলিশ, চরমানিকা থেকে ৪০০ কেজি ইলিশ ও ১০০০ মিটার জাল এবং নিজামপুর থেকে ১০০০ মিটার জাল আটক করা হয়।
এ ছাড়া ১৭ অক্টোবর ভোলা থেকে ৬০ কেজি ইলিশ ও ৬০০০ মিটার জাল, নিজামপুর থেকে ১০০০ মিটার জাল, তজুমদ্দিন থেকে ১৩০ কেজি ইলিশ, রামগতি থেকে ৬০ কেজি ইলিশ, চরমানিকা থেকে ২টি মাছধরা নৌকা আটক করা হয়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিকুর রহমান জানান, ইলিশ সম্পদ রক্ষায় সরকার ঘোষিত ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ না ধরার কর্মসূচি সফল করতে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব হাই স্পিড বোট এবং ভাড়া করা নৌযান নিয়ে কোস্টগার্ড ভোলা, নিজামপুর, রামগতি, তজুমদ্দিন ও চরমানিকায় টহল অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মাধ্যমে আটক ইলিশ মাছ নিলাম এবং কারেন্ট জাল পোড়ানো হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24