২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দু'দল শ্রমিকের সংঘর্ষ, আহত ২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে রোববার রাতে দু'দল পরিবহন শ্রমিকের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 06:43 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নোয়াখালী, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে রোববার রাতে দু'দল পরিবহন শ্রমিকের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বিভিন্ন গাড়ি থেকে তোলা চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ থামাতে সেনবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। পরে জেলা পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আব্দুর রাজ্জাক দাঙ্গা পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশের সোনাইমুড়ী থানা পুলিশও তাদের সহায়তা করে। অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আব্দুর রাজ্জাক রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহত সেনবাগ থানার ওসি আলমগীর হোসেন, উপ-পরিদর্শক আক্রাম হোসেন ও কনস্টেবল মাহমুদুর রহমানকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, রাত সাড়ে ৮টার দিকে ছাতারপাইয়া বাজার বাসস্ট্যান্ড কমিটির সভাপতি মমিনউল্লাহ ও সাধারণ সম্পাদক দুলালের মধ্যে বিভিন্ন গাড়ি থেকে তোলা চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ নিয়ে এক পর্যায়ে দু'জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক অবশ্য চাঁদার টাকা নিয়ে নয়, একটি মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০২৫ ঘ.