২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে এইউবি'র ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র (এইউবি) রাজশাহী ক্যাম্পাসের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

রাজশাহী, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র (এইউবি) রাজশাহী ক্যাম্পাসের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। রোববার রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এমএসএস দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. সালাউদ্দীন। বিচারক মশিউর রহমান মামলাটি গ্রহণ করে নগরীর মতিহার থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার মঞ্জুর এলাহী, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান চৌধুরী, হিসাবরক্ষক কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা আনিসুজ্জামান তালুকদার এবং সেকশন অফিসার আহসান। মামলার এজাহারে বলা হয়, আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে দূরশিক্ষণ প্রোগ্রামের নকল কাগজপত্র তৈরি করে রাজশাহীতে প্রায় ৬ হাজার শিক্ষার্থী ভর্তি করেন। এভাবে তারা নগদ প্রায় ৯ কোটি টাকা হাতিয়ে নেন। ক্যাম্পাসের অনুমোদন না থাকাসহ বিভিন্ন কারণে দূর শিক্ষণে অধ্যয়নরত ওই ৬ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন এখন হুমকির মুখে রয়েছে। ডেপুটি রেজিস্ট্রার মঞ্জুর এলাহী এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। মতিহার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, মামলার কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.