২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নাইকো মামলা স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছে। শেখ হাসিনার কৌঁসুুুুলি ব্যারিস্টার রফিক-উল-হক আপিল বিভাগের আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ দুর্নীতি দমন কমিশনের আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে মামলাটির কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল রইল।" ২০০৮ সালের ৭ জুলাই হাইকোর্ট নাইকো দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কার্যক্রম স্থগিত করে দিয়েছিল। পাশাপাশি তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে দুদকের প্রতি রুল জারি করা হয়েছিল। ২০০৮ সালের ১৫ অক্টোবর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল দায়ের করে। দুদক ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে। মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে দুদক শেখ হাসিনাসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/১৮২১ ঘ.