ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের ২২৩ সরকারি কর্মকর্তার পদোন্নতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হক সিদ্দিকী আবেদনটি দাযের করেন।
এতে বিবাদি করা হয়েছে সংস্থাপন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও পদোন্নতি পাওয়া ২২৩ জনকে।
রিট আবেদন দায়েরের পর কামরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট আবেদনে ওই পদোন্নতি অবৈধ ঘোষণা ও স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।"
এর ওপর দুপুরে শুনানি হতে পারে বলে জানান তিনি।
গত ৭ সেপ্টেম্বর সরকার ৬০ অতিরিক্ত সচিব ও ১৬৩ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়।
রিট আবেদনে বলা হয়েছে, এ পদোন্নতিতে সরকারি নিয়োগে সমান সুযোগের সাংবিধানিক বিধান ভঙ্গ করা হয়েছে। গণপ্রশাসনে অযোগ্য লোক নিয়োগ দিলে জনসাধারণ উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24