চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) শনিবার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ১০টার দিকে সিইপিজেডের চার নম্বর সেক্টরের তারেক আজিম টেক্সটাইলের দুইশ'র বেশি শ্রমিক মিছিল বের করে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করে। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে।
বিএনপি নেতা শামসুল আলম কারখানাটির মালিক।
বন্দর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে নোটিশ ছাড়া কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে।"
পরে মালিকপক্ষ পুলিশের উপস্থিতিতে কারখানায় এসে বেতন পরিশোধের আশ্বাস দিলে ১২ টার দিকে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএনএস/এসএইচ/২০৩১ ঘ
bdnews24